আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের পর সৃষ্ট বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে ত্রিপুরা পুলিশের এসডিআরএফ (SDRF) দলসমূহ। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়ে ভেঙে পড়া গাছপালা সরিয়ে অবরুদ্ধ সড়ক দ্রুত পরিষ্কার করার কাজ জোরকদমে চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষের যাতায়াত এবং জরুরি পরিষেবা ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মাঠে নামে এসডিআরএফ-এর প্রশিক্ষিত দলগুলি।
দলগুলি আধুনিক সরঞ্জাম ব্যবহার করে রাস্তার উপর পড়ে থাকা বড় বড় গাছ কেটে সরিয়ে ফেলছে এবং যান চলাচল স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। দুর্যোগের এই সময়ে প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যেই বহু এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।
