আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল || বিশালগড় আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর লঙ্কাকাণ্ডের ঘটনায় অবশেষে গ্রেফতার হলো গুলিকাণ্ডের প্রধান অভিযুক্ত রনবীর দেবনাথ। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার পুলিশের জালে ধরা পড়ে সে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে রনবীর দেবনাথকে আটক করা হয়। গ্রেফতারের সময় অভিযুক্ত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে হেফাজতে নেয় পুলিশ।
উল্লেখ্য, বিশালগড় আদালত চত্বরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল এবং তাকে ধরতে পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালায়।
বর্তমানে অভিযুক্তকে আদালতে তোলার প্রস্তুতি চলছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
