গোপাল সিং, খোয়াই, ২৭ এপ্রিল || তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া এলাকায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় মহেন্দ্র দেববর্মা নামে ওই প্রবীণ বাসিন্দাকে তাঁর নিজ বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় বৃদ্ধের আত্মীয়-পরিজন ও স্থানীয়দের মধ্যে দানা বেঁধেছে রহস্য।
এদিন এলাকার লোকজন হঠাৎই মহেন্দ্র বাবুকে তাঁর বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরা। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রাথমিক তদন্ত ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে রবিবার গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ময়নাতদন্তের পর দেহটি শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঠিক কী কারণে ওই বৃদ্ধ আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। বারান্দার মতো উন্মুক্ত স্থানে এমন ঘটনা ঘটায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। সঠিক তদন্তের মাধ্যমেই এই মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
