আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || ছোট ছেলের হাত থেকে প্রাণে বাঁচতে অবশেষে থানার দ্বারস্থ হলেন এক গর্ভধারিণী মা। ঘটনাটি ঘটেছে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া ১ নং ওয়ার্ড এলাকায়। অভিযুক্ত যুবকের নাম কর্ণজিৎ সরকার। তাঁর বিরুদ্ধে মায়ের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, এলাকার বাসিন্দা স্বপন সরকার ২০১২ সালে মারা যান। এরপর তাঁর স্ত্রী অমিতা সরকার চরম আর্থিক কষ্টের মধ্যেও মানুষের বাড়িতে কাজ করে দুই ছেলে ও এক মেয়েকে বড় করে তোলেন। পরবর্তীতে মেয়ের বিয়ে দেওয়ার পাশাপাশি বড় ছেলেরও বিয়ে দেন তিনি। দীর্ঘদিন শান্তিপূর্ণভাবেই চলছিল তাঁদের সংসার।
কিন্তু সম্প্রতি ছোট ছেলে কর্ণজিৎ সরকারের আচরণে বদল আসে বলে অভিযোগ। পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে সে প্রায়ই মা ও বৌদির উপর চড়াও হতো। শুধু গালিগালাজই নয়, লাঠি নিয়ে মারধরের চেষ্টা এবং বাড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি দিত বলে অভিযোগ। এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
বুধবার গভীর রাতেও একইভাবে কর্ণজিৎ সরকার তার মা এবং বৌদির উপর আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ। এরপর আর সহ্যের সীমা না থাকায় বৃহস্পতিবার দুপুরে অমিতা সরকার ও তাঁর বড় ছেলের স্ত্রী আমতলী থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্তের বৌদি বলেন, “যে ছেলে নিজের মা ও বড় ভাইকে সম্মান করতে জানে না, সে অন্য কাউকেও সম্মান দিতে পারে না। যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, আজ সেই মায়ের উপরই আক্রমণ করছে।”
ঘটনার পর পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
