ভিলেজ কমিটি নির্বাচনের আগে তিপ্রা মথার শক্তি বৃদ্ধি, বিজেপি ও সিপিআই(এম) ছেড়ে ৯১ জন ভোটারের যোগদান

সুব্রত দাস, গন্ডাছড়া, ১২ মে || আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমায় সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে তিপ্রা মথা। মঙ্গলবার মহকুমার তুইচাকমা এডিসি ভিলেজে দলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। সেই সভায় বিজেপি ও সিপিআই(এম) দল ছেড়ে মোট ৩৬টি পরিবারের ৯১ জন ভোটার আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথায় যোগদান করেন।
জানা যায়, মণিরাম পাড়া এবং রাজচন্দ্র পাড়া এলাকার বাসিন্দারাই এদিন তিপ্রা মথার পতাকা হাতে তুলে নেন। দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগে এলাকায় তিপ্রা মথার সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হলো।
যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ রাইমাভ্যালি কেন্দ্রের নবনির্বাচিত এমডিসি ধনঞ্জয় ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রা মথা নেতা রাজীব চাকমা, মুরুতি রঞ্জন চাকমা, মধুসা ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক টিটিএএডিসি নির্বাচনে ২৮টির মধ্যে ২৪টি আসনে জয়লাভ করে তিপ্রা মথা যে জনসমর্থনের প্রমাণ দিয়েছে, সেই ধারা বজায় রেখেই এবার ভিলেজ কমিটি নির্বাচনেও শক্ত অবস্থান গড়ে তুলতে চাইছে দল।
রাজনৈতিক মহলের মতে, বিরোধী শিবির থেকে এই বড়সড় যোগদান গন্ডাছড়া মহকুমায় তিপ্রা মথার প্রভাব আরও বাড়াবে এবং আগামী নির্বাচনে দলের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*