গোপাল সিং, খোয়াই, ১২ মে || দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে এই বছরেও অমরপুর বৈশাখী মেলার সাংস্কৃতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো সুবীর সেন ঘোষ সম্পাদিত ‘জ্বালামুখী’ সাহিত্য পত্রিকার বাংলা নতুন বছরের বিশেষ ক্যালেন্ডার। নববর্ষের আবহে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
জ্বালামুখী সাহিত্য পত্রিকার এই ক্যালেন্ডারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিধায়ক রঞ্জিত দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা। ক্যালেন্ডার প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবি ও গুণীজনদের সংবর্ধনা এবং মনোজ্ঞ কবিতার আসর।
এবারের অনুষ্ঠানের বিশেষত্ব ছিল মহকুমার বাইরে থেকে আগত বিশিষ্ট কবিদের উত্তরীয় দিয়ে বরণ এবং তাঁদের অংশগ্রহণে বর্ণাঢ্য কবিতা পাঠের আয়োজন। অমরপুরের সাংস্কৃতিক মঞ্চে এই প্রথম দ্বৈত কবিতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হলো, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।
জ্বালামুখী সাহিত্য পত্রিকার সম্পাদক সুবীর সেন ঘোষ আমন্ত্রিত অতিথিবর্গ ও কবিদের উত্তরীয় দিয়ে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের হাতে স্মারক হিসেবে একটি করে কলম তুলে দেন। সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে অমরপুরের এই বৈশাখী মেলা প্রাঙ্গণ এক অনন্য রূপ লাভ করে। এই ধরনের উদ্যোগ আগামী দিনে নবীন ও প্রবীণ সাহিত্যিকদের উৎসাহিত করবে বলে আশাপ্রকাশ করেছেন উদ্যোক্তারা।
