সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ মে || ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার রইস্যাবাড়ী ব্লক এলাকার বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। তীব্র গরম উপেক্ষা করে এলাকার বহু নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
এদিন সিপিআই(এম) রইস্যাবাড়ী অঞ্চল কমিটির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে রইস্যাবাড়ী বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ নেতা লাল কিশোর ত্রিপুরা। বক্তব্য রাখেন সিপিআই(এম) ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, গন্ডাতুইসা মহকুমা কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা এবং জেলা কমিটির সদস্য রবিমোহন ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুমতি রঞ্জন চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অঞ্জন দাস অভিযোগ করেন, বর্তমান বিজেপি জোট সরকার ও তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসনের দীর্ঘদিনের শাসনে সাধারণ মানুষের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বরং আইনশৃঙ্খলার অবনতি, মাদক চক্রের বিস্তার, সন্ত্রাস, তোলাবাজি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন। একই সঙ্গে কাজের অভাবে বহু আদিবাসী যুবক ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
এরপর সিপিআই(এম)-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রইস্যাবাড়ী ব্লক আধিকারিকের কাছে ১১ দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল— ভিবিজিআর(জি) প্রকল্প বাতিল করে পুনরায় মনরেগা চালু করা, বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা, রইস্যাবাড়ীতে গ্যাস এজেন্সি ও পেট্রোল পাম্প স্থাপন, হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি এক্স-রে ও সোনোগ্রাফি মেশিন সরবরাহ, বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ, ছাত্রাবাস চালু, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, পানীয় জলের সমস্যা সমাধান, তুইচাকমা এলাকায় সরকারি ব্যাংক ও থানা স্থাপন এবং নতুন ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি।
স্মারকলিপি প্রদান করেন সিপিআই(এম) গন্ডাতুইসা মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য চিরণ কুমার ত্রিপুরা।
