প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, আক্রান্ত সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা রঞ্জিতের

গোপাল সিং, খোয়াই, ১৪ মে || আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করলেন তিপ্রামথা পার্টির রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। ২০২৬ সালের ৯ মে রাতে ‘রাষ্ট্রীয় সমাচার’ নিউজ চ্যানেলের কর্ণধার তথা সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাসভবনে একদল দুষ্কৃতী কর্তৃক বর্বরোচিত হামলার ঘটনার পর, আজ তাঁর বাড়িতে গিয়ে সশরীরে সাক্ষাৎ করলেন বিধায়ক। এই সৌজন্যমূলক সাক্ষাতে তিনি আক্রান্ত সাংবাদিক ও তাঁর গোটা পরিবারের সাথে কথা বলে তাঁদের মানসিক শক্তি ও ভরসা জোগান।
বিধায়ক রঞ্জিত দেববর্মা আক্রান্ত সাংবাদিকের বাড়িতে পৌঁছানোর পর এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। নিবেদিতা চক্রবর্তী ঘটনার রাতের নৃশংসতার প্রমাণ হিসেবে একটি মস্ত বড় পাথরের টুকরো বিধায়কের হাতে তুলে দেন। এই সেই পাথর, যা দিয়ে ঘটনার দিন দুষ্কৃতীরা তাঁর বাড়ি লক্ষ্য করে উপর্যুপরি ঢিল ছুড়েছিল এবং তাণ্ডব চালিয়েছিল।
এই সাক্ষাৎ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তা প্রকাশ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ঘটনার পর বিভিন্ন সংবাদ চ্যানেল যখন পাল্টা সংবাদ প্রচার করছিল, তখন তাঁদের অনেকের অবস্থানই ছিল আক্রান্ত সাংবাদিকের বিপক্ষে। এমনকি সেই ঘটনার পর থেকেই নিবেদিতা চক্রবর্তীকে সরকারের বিরুদ্ধে কোনো খবর প্রচার না করার জন্য নানাভাবে সতর্ক বা চাপ দেওয়া হচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিবেদিতা চক্রবর্তী দমে না গিয়ে ন্যায় এবং সত্যের অপেক্ষায় রয়েছেন।
সাংবাদিকের এই অসম লড়াই এবং সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা উনাকে বি.কে. রাংখল রচিত বিখ্যাত বই ‘A Never Ending Journey’ উপহার হিসেবে প্রদান করেন। বিধায়ক স্পষ্ট করে দেন যে, সত্যের পক্ষে থাকা এই সাহসী সাংবাদিকের পাশে তিনি এবং তাঁর দল সর্বদা থাকবে। এই সফরের পর প্রশাসনের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*