গোপাল সিং, খোয়াই, ১৪ মে || খোয়াই থানার অন্তর্গত চেবরী পেক্নিছড়া সংলগ্ন নরেন চৌমুহনী এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে একটি জলাশয় থেকে মজনু মিয়া (৫২) নামের ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
ঘটনার বিবরণে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আজ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিট নাগাদ স্থানীয়রা এক ব্যক্তির পুকুরে মজনু মিয়ার দেহ ভাসতে দেখেন। পরিবারের লোক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, মৃত ব্যক্তি দীর্ঘকাল ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পুকুরের পাড়ে থাকা অবস্থায় হঠাৎ মৃগী রোগের টান ওঠায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যান এবং ডুবে তাঁর মৃত্যু হয়।
ওসি কৃষ্ণধন সরকার জানান, তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য বা নাশকতার সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তা। মৃত মজনু মিয়ার পরিবারের আত্মীয়-স্বজনরা এই ঘটনায় শোকস্তব্ধ। স্বাভাবিক মৃত্যু না কি অন্য কিছু—সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
