গোপাল সিং, খোয়াই, ১৬ মে || দেশজুড়ে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET-UG)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার আঁচ এবার আছড়ে পড়ল খোয়াই শহরে। এই নজিরবিহীন কেলেঙ্কারির প্রতিবাদে এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (SFI) খোয়াই বিভাগের পক্ষ থেকে আজ এক তীব্র বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। বিক্ষোভের অঙ্গ হিসেবে এদিন শহরে একটি মিছিল করার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করেন ক্ষুব্ধ ছাত্ররা।
অভিযোগ উঠেছে, গত ৩ মে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল প্রবেশিকা পরীক্ষার আগেই রাজস্থানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। পরবর্তীতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সাথে মূল পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে বলেও বিভিন্ন মহলে দাবি উঠেছে। এই ঘটনা সামনে আসতেই দেশজুড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে, যার জেরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে।
এদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পর এই প্রশ্ন ফাঁসের বিষয়টি তাদের নজরে আসে এবং তৎক্ষণাৎ তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানানো হয়। ইতিমধ্যেই রাজস্থান ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় পুলিশ ও তদন্তকারী সংস্থা এই চক্রের মূল শিকড় খুঁজতে জোরদার তল্লাশি চালাচ্ছে।
এদিন খোয়াই শহরের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসএফআই নেতৃত্ব অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে একের পর এক জাতীয় স্তরের পরীক্ষার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ছে। এনটিএ-র মতো স্বশাসিত সংস্থার চরম গাফিলতি এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের উদাসীনতার কারণেই আজ দেশের মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ছাত্র সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অবিলম্বে এই কেলেঙ্কারির নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী ছাত্ররা।
