গোপাল সিং, খোয়াই, ১৭ মে || খোয়াই জেলা পুলিশ এবং ধলাই জেলা পুলিশের ঝটিকা ও সমন্বিত অভিযানে অবশেষে উদ্ধার হলো দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিখোঁজ হওয়া একটি বোলেরো গাড়ি। আজ সকালে মাত্র কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে গাড়িটি আটক করার পাশাপাশি চালককেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৬টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে একটি জরুরি বার্তা পাঠানো হয় যে, শান্তিরবাজার থানা এলাকা থেকে TR08-0921 নম্বরের একটি বোলেরো গাড়ি নিখোঁজ বা চুরি হয়েছে। এই বার্তা পাওয়া মাত্রই খোয়াই জেলা পুলিশের পক্ষ থেকে মহকুমা জুড়ে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে নিশ্ছিদ্র নাকা চেকিং শুরু করা হয়।অভিযান চলাকালীন সকাল ৯টা নাগাদ মুঙ্গিয়াকামি থানার সাব-ইন্সপেক্টর কাসনারাই রিয়াং এবং থানার পুলিশ কর্মীরা ৪১ মাইল নাকা পয়েন্টে একটি সন্দেহভাজন নম্বরবিহীন সাদা রঙের বোলেরো গাড়িকে আসতে দেখেন। পুলিশ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক গতি বাড়িয়ে নাকা ভেঙে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই মুঙ্গিয়াকামি থানার পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে এবং পার্শ্ববর্তী ধলাই জেলা পুলিশকে পুরো বিষয়টি অবগত করে একটি সমন্বিত তল্লাশি অভিযান শুরু করে।
খোয়াই জেলা পুলিশের কাছ থেকে খবর পেয়ে ধলাই জেলার আমবাসা, সালেমা এবং কামালপুর থানার পুলিশ একযোগে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করে। অবশেষে সকাল ১১টা নাগাদ সালেমা থানাধীন মেন্দী এলাকায় ধলাই ও খোয়াই জেলা পুলিশের যৌথ তৎপরতায় গাড়িটিকে চালক সহ সফলভাবে কোণঠাসা ও আটক করা সম্ভব হয়।প্রাথমিক তদন্ত ও চেসিস নম্বর যাচাইয়ের পর পুলিশ নিশ্চিত করেছে যে, ধৃত গাড়িটিই দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সেই নিখোঁজ বোলেরো গাড়ি। বর্তমানে গাড়ি এবং চালক দুই-ই সালেমা থানার হেফাজতে রয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া এবং যথোপযুক্ত ভেরিফিকেশন সম্পন্ন করার পর উদ্ধার হওয়া গাড়িটি তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। দুই জেলার পুলিশের এই নিখুঁত ও দ্রুত সমন্বয়ী ভূমিকা পাচারকারীদের রুখতে বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
