বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে দুঃসাহসিক চুরি! উধাও সরকারি গাড়িসহ মূল্যবান সামগ্রী, তদন্তে পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে || রাজ্যে ক্রমাগত বাড়ছে চুরির ঘটনা। সেই ধারাবাহিকতায় এবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে সংঘটিত হলো বড়সড় চুরির ঘটনা। অভিযোগ, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা কেন্দ্রের অফিস কক্ষে ঢুকে বিভিন্ন সামগ্রী চুরির পাশাপাশি অফিসের কাজে ব্যবহৃত একটি সরকারি গাড়িও নিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, চোরেরা প্রথমে অফিস কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর অফিসের বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির পাশাপাশি অফিসে রাখা গাড়ির চাবি নিয়ে টি আর–০৮–০৯২১ নম্বরের বোলেরো গাড়িটি চুরি করে নিয়ে যায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে— অফিসে নাইট গার্ড থাকা সত্ত্বেও কীভাবে এত বড় চুরির ঘটনা ঘটলো? বিষয়টি নিয়ে অফিস কর্মী ও নাইট গার্ডের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
চুরির বিষয়টি জানতে পেরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা মনপাথর ফাঁড়ি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার পাশাপাশি চুরি হওয়া গাড়ি উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে, অফিস মহলে গুঞ্জন উঠেছে যে এই ঘটনার সঙ্গে এক গাড়িচালকের সংশ্লিষ্টতা থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বা পুলিশি নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি। তদন্তের মাধ্যমেই প্রকৃত রহস্য সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের একাংশের দাবি, অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া এ ধরনের পরিকল্পিত চুরি সংঘটিত হওয়া কঠিন। ফলে পুরো ঘটনাকে কেন্দ্র করে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*