জাতীয় সড়কে বোলেরোর ধাক্কায় বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু, আহত ১

গোপাল সিং, খোয়াই, ১৯ মে || খোয়াই জেলার চাম্পাহাওড় থানাধীন নিবারণবাড়ি এলাকায় ১০৮ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। নিহত ব্যক্তির নাম বিনোদ সিংহ (৪০)। এই ঘটনায় অনন্ত কুমার সিংহ নামে অপর এক যুবক গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ বিনোদ সিংহ ও অনন্ত কুমার সিংহ কমলপুর থেকে একটি মোটরসাইকেলে চেপে খোয়াইয়ের গৌরনগরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। কিন্তু ১০৮ নম্বর জাতীয় সড়কের নিবারণবাড়ি এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সাদা রঙের বোলেরো গাড়ি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দুই জনই ছিটকে পিচের রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় চালক বিনোদ সিংহের।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় বাইকের পেছনে থাকা আরোহী অনন্ত কুমার সিংহকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মৃতদেহটি খোয়াই জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহত যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সেখান থেকেই উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়।
এদিকে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, দুর্ঘটনাটি চাম্পাহাওড় থানার অন্তর্গত নিবারণবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর ঘটেছে। মৃত বিনোদ সিংহ এবং আহত অনন্ত কুমার সিংহ—দুজনেই খোয়াই থানার গৌরনগর এলাকার বাসিন্দা। ঘাতক বোলেরো গাড়িটি চিহ্নিত করার এবং চালককে আটক করার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর গৌরনগর ও নিবারণবাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*