সুব্রত দাস, গন্ডাছড়া, ১৯ মে || প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY-III)-র আওতায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে গন্ডাছড়া মহকুমার টাউন সার্কেল রোড সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে থমকে যাওয়ায় চরম ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। মঙ্গলবার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সরাসরি পূর্ত দপ্তরের (PWD) আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়ে দ্রুত পদক্ষেপের দাবি তোলেন।
জানা যায়, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ টাউন সার্কেল রোডের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থা ‘ঋদ্ধি সিদ্ধি কনস্ট্রাকশন’-কে। কাজের শুরুতে কিছুটা অগ্রগতি দেখা গেলেও পরে রহস্যজনকভাবে কাজের গতি কমে যায় এবং একসময় কার্যত বন্ধ হয়ে পড়ে। ফলে কোটি কোটি টাকা বরাদ্দের পরও রাস্তার অবস্থা আগের মতোই বেহাল রয়ে গেছে বলে অভিযোগ।
বর্তমানে রাস্তার বড় অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি স্কুলপড়ুয়া শিশু, রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিকাদার সংস্থার গাফিলতি নিয়ে একাধিকবার লিখিত সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং নিয়ম মেনে শো-কজ নোটিশও জারি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত সংস্থার তরফে কোনো সন্তোষজনক জবাব মেলেনি কিংবা কাজ পুনরায় শুরু করার উদ্যোগ দেখা যায়নি।
PWD-র SDO জানান, বিষয়টি ইতিমধ্যেই উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং ঠিকাদারের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যদিও শুধুমাত্র আশ্বাসে সন্তুষ্ট নন এলাকাবাসী। তাঁদের দাবি, নোটিশ নয়— দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়ে রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পকে ঘিরে এখন প্রশ্ন উঠছে— সরকারি কোটি কোটি টাকা বরাদ্দের পরও কেন থমকে গেল কাজ, আর কবে মিলবে সাধারণ মানুষের দুর্ভোগের স্থায়ী সমাধান?
