আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || লালজুড়ি আর.ডি. ব্লকে বিশ্বব্যাংক সহায়তাপ্রাপ্ত TRESP (Tripura Rural Economic Growth & Service Delivery Project)-এর উদ্যোগে বেগুন চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এক প্রোডিউসার গ্রুপ। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পের অধীনে গঠিত রাজশ্রী প্রোডিউসার গ্রুপ সমবায় ভিত্তিতে আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করে বেগুন চাষে আর্থিক সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা গেছে, গ্রুপটি মোট ১.৮ হেক্টর (প্রায় ৯.৯৫ কানি) জমিতে বেগুন চাষ করে ২০ হাজার ২৬২ কেজি উৎপাদন করতে সক্ষম হয়েছে।
উৎপাদিত ফসল বিক্রির মাধ্যমে ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৪ টাকা আয় এবং ৩ লক্ষ ২৩ হাজার ৬০০ টাকা নিট লাভ অর্জন হয়েছে। এই সাফল্যের ফলে গ্রুপের সদস্যদের আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে বলে জানা যায়।
প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে শ্রীমতী জান্নবী দেবনাথ অন্যতম সফল কৃষক হিসেবে উঠে এসেছেন। তিনি TRESP প্রকল্পের মাধ্যমে ১৩ হাজার ৫৭৩ টাকা ঋণ সহায়তা গ্রহণ করে BPMU-লালজুড়ির সিসি-এগ্রিকালচার শ্রী দীপঙ্কর বিশ্বাসের কারিগরি সহায়তায় বেগুন চাষ শুরু করেন। মাত্র চার মাসের ব্যবধানে ২ হাজার ৩৩০ কেজি উৎপাদন করে প্রায় ৩৭ হাজার ৫৯২ টাকা লাভ অর্জন করেন তিনি।
সম্প্রতি ক্ষেত্র পরিদর্শনে এসে উত্তর ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা প্রোডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্যোগ ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি কৃষকদের নিয়মিত চাষাবাদ অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে কৃষি কার্যক্রম সম্প্রসারণ ও বাজার সংযোগ বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
একইসঙ্গে তিনি লালজুড়ি ব্লকে TRESP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
গ্রুপ সদস্যদের দাবি, বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত এই প্রকল্প বিশেষ করে জনজাতি এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক কৃষি প্রযুক্তি, ঋণ সহায়তা এবং সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে বলেও মত তাদের।
