আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || রাজধানী আগরতলার ভিআইপি রাস্তায় সাময়িক সংস্কার ও প্রলেপ দিয়ে মিডিয়ার সামনে উন্নয়নের চিত্র তুলে ধরতে ব্যস্ত বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। অন্যদিকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের।
বিশেষ করে দুর্গা চৌমুহনী থেকে বড়জলা পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ, ভাঙাচোরা ও জলজটের কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও যানচালকদের। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থা থাকলেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না। এতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। যদিও অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে অনীহা প্রকাশ করেছেন। অভিযোগ, বিভিন্ন কারণে সাধারণ মানুষ নিজেদের অসন্তোষ প্রকাশ করতেও দ্বিধাগ্রস্ত।
প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াতকারী যানচালকদের বক্তব্য, খারাপ রাস্তার কারণে দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি যানবাহনেরও ক্ষতি হচ্ছে। দ্রুত রাস্তার স্থায়ী সংস্কারের দাবি তুলেছেন তারা।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার অবকাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে।
