মাদকের সাথে সাথে জাল নোটের সাম্রাজ্য: ১৩,৪০০ টাকার জাল নোট সহ গোয়েন্দা বিভাগ ও দুই থানার অভিযানে গ্রেপ্তার এক জাল নোট কারবারী

গোপাল সিং, খোয়াই, ২৭ মে || জাল নোটের কারবার এবং মাদকের সমান্তরাল সাম্রাজ্য বিস্তারের এক বিপজ্জনক সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে খোয়াই জেলা। খোয়াই থানাধীন অধীন মহাদেবটিলা এলাকায় গোয়েন্দা বিভাগ, জেলা পুলিশের সিভিল টিমের গোপন সংবাদের ভিত্তিতে কল্যানপুর থানা, খোয়াই থানা এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ সম্মিলিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট এবং নিষিদ্ধ মাদক ট্যাবলেট সহ কার্তিক দেবনাথ নামে এক অসাধু কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগ সূত্রে খবর আসে যে মহাদেবটিলা এলাকার বাসিন্দা কার্তিক দেবনাথ দীর্ঘদিন ধরে গোপনে জাল নোট বাজারে ছাড়ার কারবার চালিয়ে আসছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে প্রথমে কল্যানপুর থানা, এরপর খোয়াই থানা ও সুভাষপার্ক পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ টিম আজ মহাদেবটিলা এলাকায় ওই ব্যক্তির ডেরায় আচমকা হানা দেয়।
তল্লাশি অভিযানে পুলিশ ধৃতের হেফাজত থেকে মোট ১৩,৪০০ টাকার নিখুঁত জাল নোট উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলির মধ্যে ৫০০ টাকার নোট ১৮টি, ২০০ টাকার নোট ১২টি এবল ১০০ টাকার নোট ২০টি সহ মোট ১৩,৪০০ টাকার সুনির্দিষ্ট বিন্যাসের জাল ভারতীয় নোট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জাল নোট সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হচ্ছে। এই জাল নোটের উৎস কোথায়, ওপার বাংলা থেকে সীমান্ত গলিয়ে এই জাল নোট খোয়াইতে এসেছে নাকি এর পেছনে বহিঃরাজ্যের কোনো বড় চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতে ধৃতকে পুলিশি রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। খোয়াই জেলায় এই ধরণের জাল নোট কারবার ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*