আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || ১৩ প্রতাপগড় এলাকার ৪১ ও ৪৩ নম্বর পুর ওয়ার্ডের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলের কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন দীপক মজুমদার, মনিকা দাস দত্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান এবং অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান।
বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের প্রধান শক্তি। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও উন্নত ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
