দমকল কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শান্তিরবাজার সবজি বাজার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ জুন || দমকল কর্মীদের দ্রুত ও তৎপর পদক্ষেপে অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল শান্তিরবাজার সবজি বাজার। বুধবার রাত প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে যে স্থানীয় সবজি বাজারে আগুন লেগেছে।
খবর পাওয়া মাত্রই শান্তিরবাজার দমকল কেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, সবজি ব্যবসায়ী বিপ্লব পাটারীর একটি গোডাউনে আগুন লেগেছে। পাশের একটি ফলের দোকানের মালিক প্রথমে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন।
দমকল কর্মীদের সময়োচিত পদক্ষেপ ও অক্লান্ত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বাজারের অন্যান্য দোকানপাট এবং আশপাশের এলাকা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, আরও কিছু সময় পরে আগুনের খবর পাওয়া গেলে পুরো সবজি বাজার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারত। দমকল বাহিনীর দ্রুত উপস্থিতি এবং দক্ষতার কারণেই সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধি, শান্তিরবাজার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*