বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম টুটন সাহা (প্রায় ৪০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতে বাজার থেকে ফিরে নিজ ঘরে ঘুমাতে যান টুটন সাহা। কিন্তু সোমবার সকাল প্রায় আটটা বেজে গেলেও তিনি ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের অপর একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে তাঁরা দেখতে পান, টুটন সাহা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁকে ডাকা হলেও কোনো সাড়া না মেলায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের দাবি, টুটন সাহার আগে একবার বিয়ে হয়েছিল এবং তাঁর প্রথম স্ত্রী মারা গিয়েছেন। এছাড়া সম্প্রতি পারিবারিক বা ব্যক্তিগত কোনো বিরোধ কিংবা ঝগড়া-বিবাদ ছিল না বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিরবাজার থানার পুলিশ।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।
