মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা, দক্ষিণ ত্রিপুরায় সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ২৭ জুন || আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরায় অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং বিশেষ করে যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ও DISE (South Tripura)-এর সহযোগিতায় বিলোনীয়ার বি.কে.আই ফুটবল স্টেডিয়ামে এই জেলা-স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন ও বল গড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সাজ্জাদ পি (IAS), রেড ক্রস সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, বিলোনীয়া পৌরসভার পৌরপিতা নিখিলচন্দ্র গোপ, দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদারসহ জেলার বিভিন্ন প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ ও জাতির জন্য এক বড় অভিশাপ। যুবসমাজকে এই নেশার করাল গ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব আরও একবার তুলে ধরে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*