বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই || চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করে তৎপরতার পরিচয় দিল শান্তির বাজার থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শান্তির বাজার মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়।
জানা গেছে, বাইকটি চুরি হওয়ার পর মালিক শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে এবং বাইক উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়।
বুধবার ভোরে দেবীপুর এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা বাইকটি ফেলে পালিয়ে যায়। তবে এই চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বুধবার আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে তুলে দেওয়া হয়। এসময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাইকের মালিক দ্রুততার সঙ্গে বাইক উদ্ধার করায় শান্তির বাজার থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।
এলাকাবাসীর মতে, শান্তির বাজার থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু দত্ত এবং এসআই সমীর বিশ্বাসের নেতৃত্বে পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। তাঁদের তৎপরতায় এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ইতিবাচক ফল মিলছে বলে স্থানীয়দের অভিমত।
পুলিশের এই দ্রুত ও সফল পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা শান্তির বাজার থানার পুলিশকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
