আপডেট প্রতিনিধি, সাব্রুম, ০২ জুলাই || পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া পুরাতন টাউন হলে বৃহস্পতিবার ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার আজীবিকা মিশন (VBGRAM)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কর্মদিবসের সংখ্যা বাড়ানোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দীপক দত্ত, মোহাম্মদ সাজ্জাদ পি, মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার, প্রমোদ রিয়াং-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
তবে অনুষ্ঠানে দক্ষিণ জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও তাঁদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ ওঠে। উপস্থিত সাংবাদিকদের একাংশের দাবি, সাংবাদিকদের জন্য নির্ধারিত আসনেও ভিআইপি অতিথিদের বসিয়ে দেওয়া হয়, ফলে অনেক সাংবাদিককে দাঁড়িয়ে অনুষ্ঠান কভার করতে হয়।
শুধু তাই নয়, মধ্যাহ্নভোজের সময়ও কয়েকজন সাংবাদিক হয়রানির শিকার হন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বহু সাংবাদিক অনুষ্ঠান শেষ হওয়ার আগেই স্থান ত্যাগ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের আয়োজিত গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক অনুষ্ঠানে সমন্বয়ের অভাব ও অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে কিছু মহলের দাবি, জেলা শাসকের উন্নয়নমূলক উদ্যোগকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টিরও চেষ্টা চলছে।
তবে সাংবাদিকদের অভিযোগ এবং সামগ্রিক অব্যবস্থাপনার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
