প্রেমে সাড়া না পেয়ে নিজ ঘরেই আত্মঘাতী ১৮ বছরের যুবক, খোয়াই শচীন্দ্রনগর এলাকায় তীব্র শোকের ছায়া

গোপল সিং, খোয়াই, ০৩ জুলাই || একতরফা প্রেমের করুণ ও মর্মান্তিক পরিণতি, মোবাইল ফোনে এক কিশোরীর প্রেমে আসক্ত হয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেমে সাড়া না পেয়ে নিজের ঘরেই আত্মহননের পথ বেছে নিল সদ্য ১৮ বছরে পা রাখা এক যুবক। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার চেবরীস্থিত শচীন্দ্রনগর গ্রামে। মৃত যুবকের নাম সোমরাজ পাল (১৮)। বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে সোমরাজ এই চরম সিদ্ধান্ত গ্রহণ করে, যা তাঁর পরিবার সহ গোটা এলাকায় গভীর শোকের আবহ তৈরি করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমরাজের মা একজন অঙ্গনওয়াড়ী কর্মী এবং বাবা পেশায় কৃষক। সোমরাজের পিতা শম্ভু পাল নিজে একজন দীর্ঘদিনের সুগারের রোগী এবং বর্তমানে প্রচণ্ড অসুস্থ। এই বৃদ্ধ বয়সে বাবা-মায়ের একমাত্র সম্বল ও আশার আলো ছিল তরুণ সোমরাজ। কিন্তু একটি ভুল সিদ্ধান্তের জেরে আজ বৃদ্ধ পিতা-মাতাকে সম্পূর্ণ অসহায় করে দিয়ে চিরতরে বিদায় নিল সে। আজ বাড়ির লোকজনের অনুপস্থিতিতে নিজের ঘরে দরজা বন্ধ করে সোমরাজ চরম পথ বেছে নেয়। পাশের ঘরে থাকা সোমরাজের এক বোন প্রথম এই ঘটনার আঁচ পান। ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর সন্দেহ হয় এবং তিনি চিৎকার শুরু করেন। ঘটনার খবর দেওয়া হয় খোয়াই থানায়। খবর পাওয়া মাত্রই খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) কৃষ্ণধন সরকার সহ পুলিশের একটি বিশাল দল দ্রুত শচীন্দ্রনগর গ্রামের ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ দরজা ভেঙে অচেতন অবস্থায় সোমরাজকে উদ্ধার করে অনতিবিলম্বে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে সোমরাজের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মোবাইল ও সোশ্যাল মিডিয়ার এই যুগে আবেগের বশে তরুণ প্রজন্মের এমন আত্মঘাতী হওয়ার প্রবণতা নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*