লোকালয় থেকে উদ্ধার বিপন্ন কচ্ছপ, সুস্থ করে ঐতিহাসিক দ্বৈত্যশ্বরী কালী মন্দিরের জলাশয়ে অবমুক্ত করলেন সাবরুমের যুবক

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ০৪ জুলাই || প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় একজন সাধারণ মানুষের ছোট্ট উদ্যোগও যে সমাজের কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিনাটিলা এলাকার বাসিন্দা শিবু লাল দেবনাথ।
সম্প্রতি লোকালয়ে একটি বিপন্ন কচ্ছপ অসহায় অবস্থায় আটকে থাকতে দেখে সেটিকে উদ্ধার করেন তিনি। কচ্ছপটির শারীরিক অবস্থা ভালো না থাকায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিয়মিত পরিচর্যা ও যত্নের মাধ্যমে প্রাণীটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন।
কচ্ছপটি সুস্থ হয়ে ওঠার পর সেটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শিবু লাল দেবনাথ। সেই উদ্দেশ্যে তিনি সাবরুমের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক দ্বৈত্যশ্বরী কালী মন্দিরের বিশাল জলাশয়ে কচ্ছপটিকে অবমুক্ত করেন। স্থানীয়দের মতে, মন্দির প্রাঙ্গণের এই জলাশয়টি কচ্ছপের বসবাস ও বংশবৃদ্ধির জন্য অত্যন্ত নিরাপদ এবং অনুকূল পরিবেশ হিসেবে পরিচিত।
এ প্রসঙ্গে শিবু লাল দেবনাথ সংবাদমাধ্যমকে জানান, “কচ্ছপটিকে অসহায় অবস্থায় দেখে খুব খারাপ লেগেছিল। তাই উদ্ধার করে বাড়িতে এনে পরিচর্যা করি। সুস্থ হওয়ার পর এমন একটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়েছি, যেখানে এটি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে। আমি সকলের কাছে আবেদন জানাই, যেকোনো বন্যপ্রাণী দেখলে তাদের ক্ষতি না করে উদ্ধার করুন এবং নিরাপদ স্থানে অবমুক্ত করুন।”
পরিবেশপ্রেমীদের মতে, শিবু লাল দেবনাথের এই মানবিক উদ্যোগ সমাজে বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। সচেতন নাগরিকদের এমন উদ্যোগই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*