গোপল সিং, খোয়াই, ০৬ জুলাই || উত্তর ত্রিপুরা জেলায় চোরাচালান বিরোধী অভিযানে ফের এক বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালজুড়ি আউট পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তাঁর পুলিশ কর্মীদের যৌথ উদ্যোগে এক বিশেষ চেকিং অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ও অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লালজুড়ি চেকপোস্টে সন্দেহভাজন গাড়িগুলির ওপর কড়া নজরদারি চালানোর সময় TR-02N-0726 নম্বরের একটি গাড়িকে আটকানো হয়। এরপর গাড়িটিতে তন্নতন্ন করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। গাড়ির ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ সিগারেটের কার্টন উদ্ধার করে পুলিশ। তল্লাশিকালে সর্বমোট ১৯৬টি বান্ডিল (যার মধ্যে মোট ৩৯,২০০টি স্টিক রয়েছে) বিদেশি তথা অবৈধ সিগারেট উদ্ধার করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক কালোবাজারে বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৬,০০,০০০ টাকা (ছয় লক্ষ টাকা) বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়ার স্বার্থে উদ্ধারকৃত সমস্ত অবৈধ বিদেশি সিগারেট এবং চোরাচালানে ব্যবহৃত TR-02N-0726 নম্বরের গাড়িটিকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১০৬ নম্বর ধারার অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে।
