টানা তিন দিন বিদ্যুৎ রিচার্জ বন্ধ, তেলিয়ামুড়ায় বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ও জাতীয় সড়ক অবরোধ

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ জুলাই || টানা তিন দিন ধরে বিদ্যুৎ দপ্তরের লিঙ্ক বিভ্রাটের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তেলিয়ামুড়ার বিদ্যুৎ গ্রাহকরা। প্রিপেইড বিদ্যুৎ সংযোগে রিচার্জ করতে না পেরে সোমবার ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর চত্বরে।
অভিযোগ, সকাল থেকেই অসংখ্য গ্রাহক বিদ্যুৎ রিচার্জের আশায় দপ্তরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও লিঙ্ক বিভ্রাটের কারণে কাউকেই পরিষেবা দেওয়া সম্ভব হয়নি। তীব্র দাবদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও রিচার্জ না হওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রী ও যানবাহনের চালকদেরও চরম দুর্ভোগে পড়তে হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ। পরে মহকুমা শাসক (এসডিএম) ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লিঙ্ক বিভ্রাটের কারণে বিদ্যুৎ রিচার্জ সম্পূর্ণভাবে বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁরা অবিলম্বে লিঙ্ক সচল করে স্বাভাবিক পরিষেবা চালুর পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা আর না হয়, তার স্থায়ী সমাধানের দাবি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলছিল। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*