আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || পশুসম্পদের রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্যস্তরের এক গুরুত্বপূর্ণ সেমিনার। “পশুসম্পদ স্বাস্থ্য সুরক্ষা: রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ” শীর্ষক এই সেমিনারের আয়োজন করে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর (এআরডিডি)।
সেমিনারের উদ্বোধন করেন এআরডিডি-র সচিব দীপা ডি. নায়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি-র অধিকর্তা ড. এন. কে. চঞ্চলসহ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিশেষজ্ঞ, পশুচিকিৎসক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।
উদ্বোধনী বক্তব্যে দীপা ডি. নায়ার বলেন, গত পাঁচ বছরে রাজ্যে পশুপালনের ব্যাপক প্রসার ঘটেছে। সেই প্রেক্ষাপটে পশুর নতুন ও উদীয়মান রোগ সম্পর্কে পশুচিকিৎসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করে তোলাই এই সেমিনারের মূল লক্ষ্য। তিনি জানান, পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ (জুনোটিক রোগ) প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আসাম-সহ বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা আধুনিক রোগ নির্ণয়, নজরদারি, প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থার সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কে রাজ্যের পশুচিকিৎসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
সেমিনারে আলোচকরা পশুসম্পদের রোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির যথাযথ প্রয়োগের মাধ্যমে পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা আরও শক্তিশালী হবে, যা রাজ্যের পশুপালন খাতের উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
