বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুলাই || দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী এলাকায় এক মর্মান্তিক স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা রতিমোহন ত্রিপুরা (৩৭)। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, সোমবার (৬ জুলাই) গভীর রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে স্কুটিতে করে মায়াজয় পাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন রতিমোহন ত্রিপুরা। পথে প্রবল বৃষ্টির কারণে রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে থাকায় তিনি স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে গুরুতর অবস্থায় জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রতিমোহন ত্রিপুরার মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জানা যায়, রতিমোহন ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-র একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ৩৮ জোলাইবাড়ী মণ্ডল বিজেপির উদ্যোগে মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রতিমোহন ত্রিপুরার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
