আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাজ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে একটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাংকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই ট্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার কর্পোরেটর রত্না দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্পোরেটর রত্না দত্ত বলেন, মহারাজগঞ্জ বাজার ত্রিপুরার অন্যতম বৃহৎ ও প্রাচীন বাজার। প্রতিদিন এখানে বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা এবং ব্যবসায়ীর সমাগম ঘটে। এই বাজার থেকেই কাঁচা শাকসবজি ও বিভিন্ন কৃষিপণ্য পাইকারি আকারে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। তাই বাজারে আগত সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিশুদ্ধ পানীয় জলের এই ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, পানীয় জলের ট্যাংকটি নির্মাণে প্রায় ৪ লক্ষ ৫ হাজার টাকারও বেশি ব্যয় হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা সহজেই বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করতে পারবেন, যা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্পোরেটর আরও জানান, ভবিষ্যতে মহারাজগঞ্জ বাজারে আরও দুটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাজারে আগত মানুষের জন্য আরও উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
