নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১০ জুলাই || টানা বর্ষণের জেরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে সরেজমিনে পরিদর্শনে যান সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। তাঁর সঙ্গে ছিলেন বন্যা নিয়ন্ত্রণ দপ্তর এবং মহকুমা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু থেকে ফেনী নদীর জলস্তর পর্যবেক্ষণ করেন মহকুমা শাসক। তিনি জানান, বর্তমানে নদীর জল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বুধবার গভীর রাতে জলস্তর ১৬.৮০ মিটার পর্যন্ত পৌঁছে বিপদসীমার একেবারে কাছাকাছি চলে আসে। এতে সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
মহকুমা শাসক জানান, রাজ্যের আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। সেই পরিস্থিতির কথা বিবেচনা করে সাব্রুম মহকুমা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলিতে নিয়মিত নজরদারি চালানো হবে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হবে, যাতে প্রয়োজনে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করা যায়।
প্রশাসনের এই তৎপরতায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
