বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ জুলাই || দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে কর্মজীবী মহিলাদের নিরাপদ আবাসনের লক্ষ্যে ‘মিশন শক্তি’ প্রকল্পের অধীনে নির্মিত ‘সখী নিবাস’ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি কর্মজীবী নারীদের আবাসন সমস্যার সমাধানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে, বিশিষ্ট সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক-সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তারা জানান, কেন্দ্রীয় সরকারের ‘মিশন শক্তি’ প্রকল্পের আওতায় নির্মিত এই ‘সখী নিবাস’-এর মূল উদ্দেশ্য কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্যময় আবাসনের ব্যবস্থা করা। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত হবে।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সবরুম মহকুমায় সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রসারের ফলে কর্মজীবী নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ক্রীড়া অফিস সংলগ্ন শেল্টার হাউস প্রাঙ্গণে এই হোস্টেল চালু হওয়ায় বিভিন্ন জেলা ও দূরবর্তী এলাকা থেকে কর্মসূত্রে সবরুমে আসা মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অতিথিরা তাঁদের বক্তব্যে নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘সখী নিবাস’ কর্মজীবী মহিলাদের জন্য একটি নিরাপদ ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করবে, যা তাঁদের আত্মবিশ্বাসের সঙ্গে কর্মজীবন পরিচালনায় সহায়ক হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হোস্টেলটিতে আধুনিক আবাসন ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিমত, এই প্রকল্পের সফল বাস্তবায়ন দক্ষিণ ত্রিপুরায় নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
