গোপল সিং, খোয়াই, ১২ জুলাই || অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ-এর খোয়াই জেলা ও কমলনগর নগর শাখার অন্তর্গত মোহরছড়া স্কুল শাখার পক্ষ থেকে ৭৮তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে এক অনন্য ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হলো। দিবসটিকে কেন্দ্র করে মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক দিক দিয়ে সুষম বিকাশ ঘটানো এবং খেলাধুলার মাধ্যমে সমাজে একটি সুন্দর, সচেতন ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য হলো বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে ‘স্ক্রিন টাইম থেকে অ্যাক্টিভিটি টাইম’-এ শামিল করানো, যা এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এর পাশাপাশি ছাত্রসমাজের মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম, জাতীয়তাবাদ ও সুস্থ আদর্শ ছড়িয়ে দেওয়ার ডাক দেওয়া হয় এই মঞ্চ থেকে।
আজকের এই এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্কুলের ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলায় অংশগ্রহণ করে। এই মহতী ক্রীড়া কর্মসূচিতে বিশেষ অতিথি ও কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বিস্তারক সুকান্ত দাস, নগর সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশ সোশ্যাল মিডিয়া টিমের অন্যতম সদস্য হিমান সরকার এবং মোহরছড়া স্কুল ইউনিটের সম্পাদক সরজিৎ দাস। এছাড়াও অন্যান্য প্রমুখ কার্যকর্তাদের মধ্যে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন সমরজিৎ চৌধুরী, শুভজিৎ দাস, রবি সরকার, পূজা নন্দী, রূপা সরকার, রিতিকা দেবনাথ এবং বিদ্যাধন জমাতিয়া।
টুর্নামেন্ট চলাকালীন উপস্থিত যুবনেতৃত্বরা জানান, বিদ্যার্থী পরিষদ শুধুমাত্র পড়াশোনা বা সাংগঠনিক চর্চায় সীমাবদ্ধ নয়, ছাত্রছাত্রীদের সামগ্রিক চরিত্র গঠন ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। টুর্নামেন্টকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী ও ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
