গোপল সিং, খোয়াই, ১৩ জুলাই || অসহায় ও আর্ত মানুষের সেবায় আবারও এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল রাজ্যের সুপরিচিত সামাজিক সংগঠন ‘সেতুবন্ধন সংস্থা’। রাজধানী আগরতলার হাপানিয়া স্থিত নেতাজী নগর এলাকার এক সংকটাপন্ন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন সংস্থার কার্যকর্তারা। নেতাজী নগরের বাসিন্দা ধ্রুব চৌধুরীর একমাত্র ছোট্ট শিশু কন্যা মনশ্রী চৌধুরী দীর্ঘদিন ধরে এক অত্যন্ত বিরল ও জটিল রোগে ভুগছে। শিশুটির চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় মধ্যবিত্ত পরিবারটি চরম অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছিল। মনশ্রীর এই অসুস্থতার খবর পেয়ে আর ঘরে বসে থাকতে পারেননি ‘সেতুবন্ধন’ সামাজিক সংস্থার সদস্যরা।
রবিবার ‘সেতুবন্ধন’ সামাজিক সংস্থার একটি প্রতিনিধি দল সরাসরি হাপানিয়ার নেতাজী নগরে মনশ্রীর বাড়িতে ছুটে যান। তাঁরা অসুস্থ শিশু কন্যাটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার বাবা-মায়ের সাথে চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করে সমবেদনা জানান। একই সাথে, পরিবারের এই কঠিন পরিস্থিতিতে মনশ্রীর চিকিৎসার খরচ জোগাতে সংস্থার পক্ষ থেকে সামান্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় এবং সংগৃহীত অর্থ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে ‘সেতুবন্ধন সংস্থা’-র প্রতিনিধিরা জানান, “আজ আমরা সেতুবন্ধন সংস্থার পক্ষ থেকে অসুস্থ কন্যা মনশ্রীর পাশে দাঁড়ানোর একটি সামান্য চেষ্টা করেছি। ‘মানবতার বন্ধনে, সেবার অঙ্গীকারে’—এই মূলমন্ত্রকে সামনে রেখেই আমাদের পথচলা। আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা মনশ্রীর সুস্থতার পথে সামান্যতম শক্তি ও নতুন আশার আলো হয়ে উঠুক—ঈশ্বরের কাছে এই কামনাই করি।”
