রথযাত্রার পুণ্যলগ্নে আগরতলায় শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও রাম-জানকি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, উপস্থিত মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || রথযাত্রার পবিত্র তিথিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে আগরতলার মোটরস্ট্যান্ড এলাকার নবসংস্কারিত শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আনুষ্ঠানিকভাবে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করেন।
এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্দির কমিটির সদস্য, পুরোহিত এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই প্রাচীন মন্দিরটির সংস্কার, পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। রথযাত্রার শুভক্ষণকে কেন্দ্র করে নবসজ্জিত মন্দিরে বৈদিক রীতিনীতি অনুসরণ করে বিশেষ যজ্ঞ, পূজা ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রীশ্রী নৃসিংহ দেবতা এবং শ্রীশ্রী রাম-জানকির বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা ভগবানের শ্রীচরণে রাজ্যের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। উপস্থিত সকলেই এই ধর্মীয় আয়োজনকে রাজ্যের ঐতিহ্য ও আধ্যাত্মিক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
রথযাত্রার পুণ্যলগ্নে আয়োজিত এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*