গোপল সিং, খোয়াই, ২১ জুলাই || খোয়াই জেলার রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত পদ্মবিল কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়ের উদ্যোগে স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষকদের সুবিধার্থে ট্র্যাক্টরসহ বিভিন্ন আধুনিক কৃষি সরঞ্জাম ও উন্নত মানের ফসলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে ফলন দ্বিগুণ করার লক্ষ্যেই এই সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে এলাকার বহু সংখ্যক উৎসাহী কৃষক ও কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এই বিষয়ে জানান যে, কৃষকদের কল্যাণে নেওয়া এই সমস্ত সরকারি সুযোগ-সুবিধা এবং সহায়তার হাত ধরে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের গ্রামীণ অর্থনীতি ও কৃষি ক্ষেত্র আজ প্রতিনিয়ত উন্নতির পথে এগিয়ে চলেছে। কৃষকদের এই আধুনিকীকরণ আগামী দিনে এই অঞ্চলের সার্বিক বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করবে।
