ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালী মন্দিরে চুরি: সিসিটিভির সূত্র ধরে গ্রেফতার কুখ্যাত চোর আলী হোসেন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর || ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কালী মন্দিরে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম আলী হোসেন। তার বাড়ি রাজনগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কালী মন্দিরে চুরির ঘটনার পর মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা শুরু করে আমতলী থানার পুলিশ। ফুটেজের সূত্র ধরে আলী হোসেনকে শনাক্ত করা হয়। এরপর শুক্রবার আমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার দুপুরে আমতলী থানায় সাংবাদিকদের চুরির ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি। তিনি জানান, ধৃত আলী হোসেনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কালী মন্দিরের চুরির ঘটনা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। পাশাপাশি এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*