আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর || বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো ৬৫তম রাজ্যভিত্তিক শিক্ষক দিবস। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ অবদান ও তাঁদের নিরলস ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের ককবরক, সংখ্যালঘু ও অন্যান্য বিষয়ের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া, আইএএস সুমিত রায় চৌধুরী এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ অধিকর্তা লালনুননেমিং ডারলং-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনসহ উপস্থিত বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজ গঠনে শিক্ষক সমাজের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দিনটি উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ও তাঁদের অবদানের স্বীকৃতির মাধ্যমে শিক্ষক দিবসের তাৎপর্য আরও তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষা দপ্তরের আধিকারিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাণবন্ত হয়ে ওঠে।
