সোনম ওয়াঙচুককে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

বলরাম দেবনাথ, সাব্রুম, ২২ জুলাই || দিল্লিতে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াঙচুককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাব্রুমে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআই(এম)। মঙ্গলবার সকাল ১১টায় সিপিআই(এম) সাব্রুম বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল মহকুমা শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে।
মিছিলে সিপিআই(এম)-এর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা দাবি করেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার খর্ব করা হচ্ছে এবং কেন্দ্র সরকার বিরোধী মতকে দমন করার চেষ্টা করছে।
এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ৩৯-মনু বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক প্রভাত চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্র সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সোনম ওয়াঙচুকের মতো এক জনদরদী সমাজকর্মীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া অত্যন্ত নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “মেহনতি ও প্রগতিশীল মানুষ এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আন্দোলন জারি রাখবে।”
লদাখের অধিকার রক্ষার দাবিতে অনশনরত সোনম ওয়াঙচুকের ওপর সরকারি পদক্ষেপের বিরুদ্ধে সাব্রুমের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*