বলরাম দেবনাথ, সাব্রুম, ২৪ জুলাই || অপার আনন্দ, ভক্তি ও গভীর শ্রদ্ধার আবহে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরায় উদযাপিত হলো ইসকনের (ISKCON) পবিত্র পুনর্যাত্রা তথা উল্টো রথযাত্রা মহোৎসব। শুক্রবার ইসকনের বাইখোরা শাখার উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানে হাজারো ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে সমগ্র এলাকা।
শাস্ত্রীয় প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে ভগবান শ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রার প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই পুনর্যাত্রাকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। হরিনাম সংকীর্তন, ঢাক-কাঁসর ও ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা বাইখোরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উৎসবের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তাঁরা ভক্তদের সঙ্গে রথের রশিতে টান দিয়ে উল্টো রথযাত্রার শুভ সূচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন মন্দিরের কার্তিক প্রভু, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী ও বিপ্লব সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা তাঁদের বক্তব্যে ভগবান শ্রীজগন্নাথের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ইসকনের উদ্যোগে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে পরম যত্নে মহাপ্রসাদ বিতরণ। বিপুল সংখ্যক মানুষ এই প্রসাদ গ্রহণ করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষে জগতের নাথ ভগবান শ্রীজগন্নাথদেবের শ্রীচরণে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অতিথিরা আশা প্রকাশ করেন, প্রভু জগন্নাথের আশীর্বাদে রাজ্যের প্রতিটি মানুষের জীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে।
