সাতচাঁদে রহস্যঘেরা পথ দুর্ঘটনা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধ; তদন্তে পুলিশ ও ফরেন্সিক টিম

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৫ জুলাই || দক্ষিণ ত্রিপুরার আগরতলা–সাব্রুম ৮ নম্বর জাতীয় সড়কের সাতচাঁদ এলাকায় দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল স্কুলের সামনে শনিবার এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেন্সিক টিম।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে মনুবাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাঁকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শৈলেন্দ্র ত্রিপুরা প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করেন।
আহতের পরিচয় মানিক ত্রিপুরা (প্রায় ৬০) হিসেবে জানা গেছে।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, কোনো অজ্ঞাতপরিচয় দ্রুতগতির গাড়ি পিছন থেকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও এটি নিছক পথ দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মানিক ত্রিপুরার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ওপর নজর রাখছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*