নয়াদিল্লী, ২৬ জুলাই || দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। পরীক্ষা সংস্কারের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ শ্রী নন্দন নিলেকানির নেতৃত্বে একটি High-Powered Task Force on Examination Reforms গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই উদ্যোগের কথা তুলে ধরে জানান, ভারতের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দেশের পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা (Transparency), প্রযুক্তির কার্যকর ব্যবহার (Technology) এবং জবাবদিহিতা (Accountability) নিশ্চিত করার লক্ষ্যে এই উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্ত সরকারের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন, যাতে দেশের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা একটি নির্ভরযোগ্য, ন্যায্য এবং আধুনিক পরীক্ষা ব্যবস্থার সুবিধা পান। নতুন এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষা পরিচালনা, মূল্যায়ন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে পরীক্ষা সংক্রান্ত অনিয়ম রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের এই পদক্ষেপকে দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের মতে, এই সংস্কার বাস্তবায়িত হলে পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা আরও সুদৃঢ় হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
