নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১৩ আগস্ট || দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে চলছে নানা দেশাত্মবোধক কর্মসূচি। এরই ধারাবাহিকতায় ৩৯ মনু বিধানসভা এলাকার কলাছড়ায় যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, এলাকার বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিকসহ যুব মোর্চার কর্মী-সমর্থক, ছাত্র-ছাত্রী এবং এলাকার বহু সাধারণ মানুষ। সকলের হাতে ছিল জাতীয় পতাকা। দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে যাত্রাপথ।
হাতে হাতে তিরঙ্গা এবং হৃদয়ে দেশপ্রেম—এই আবহে কলাছড়ায় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ছোট থেকে বড়, ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ—বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিরঙ্গা যাত্রা পরিণত হয় এক জনসম্পৃক্ত কর্মসূচিতে।
স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীরদের স্মরণ এবং জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বর্ণাঢ্য এই তিরঙ্গা যাত্রাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
