বলরাম দেবনাথ, সাব্রুম, ১৪ আগস্ট || দেশপ্রেম, শারীরিক সুস্থতা এবং নারীশক্তির বার্তা ছড়িয়ে দিতে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ একটি বর্ণাঢ্য ‘ফ্রিডম রান’ (Freedom Run) অনুষ্ঠিত হয়ে গেল। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রতিযোগীরা অংশ নেন।পুরুষ বিভাগের দৌড়টি মুহুরীপুর থেকে শুরু হয়ে বিলোনিয়ার বিকেআই (BKI) মাঠে এসে শেষ হয়। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক (DM) মহম্মদ সাজ্জাদ পি, এবং বিলোনিয়া পৌর পরিষদের পৌরপিতা নিখিল চন্দ্র গোপ সমাজসেবী দীপায়ন চৌধুরী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে সুস্থ সমাজ গঠনে খেলাধুলো ও শারীরিক চর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সেই সঙ্গে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ‘ফ্রিডম রান’-এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও প্রতিযোগিনীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
