শান্তিরবাজার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটির সভাপতি অর্ণব চক্রবর্তী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ আগস্ট || গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের ঐক্য এবং জনস্বার্থে সংবাদ পরিবেশনের অঙ্গীকারকে সামনে রেখে রবিবার শান্তিরবাজারের পূর্ত দপ্তরের বাংলোয় অনুষ্ঠিত হলো শান্তিরবাজার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন।
সম্মেলনে সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার ও দায়িত্বের পাশাপাশি পরিবর্তিত সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়। একই সঙ্গে শান্তিরবাজার মহকুমা ও দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমা শাসক তরুণ কান্তি সরকার, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস-চেয়ারপার্সন সত্যব্রত সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রেস ক্লাবের সভাপতি সজল কান্তি বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের বিদায়ী সম্পাদক বিক্রম দেবনাথ। উদ্বোধনী পর্ব শেষে সম্মেলনের মূল অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদনের উপর সদস্যরা আলোচনায় অংশ নেন এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।
সম্মেলনের শেষে ১০ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন অর্ণব চক্রবর্তী, সম্পাদক বিশ্বেশ্বর মজুমদার এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন অভিজিত দে। অফিস সম্পাদক হিসেবে নির্বাচিত হন কেশব দেবনাথ।
সম্মেলন থেকে শান্তিরবাজার মহকুমার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলিকে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*