বলরাম দেবনাথ, সাব্রুম, ১৯ আগস্ট || আধুনিক ত্রিপুরার রূপকার, প্রজাহিতৈষী ও দূরদর্শী মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী বুধবার গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো PM SHRI সাব্রুম গার্লস এইচ.এস. স্কুলে।
এদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী ও ছাত্রীদের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহারাজার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সেখানে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে তাঁর ভূমিকা এবং আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও কবিতা পরিবেশিত হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে রাজন্য আমলের গৌরবময় ইতিহাস এবং মহারাজার কর্মময় জীবন তুলে ধরা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগের মধ্য দিয়ে নতুন প্রজন্মের ছাত্রীদের মধ্যে ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের প্রজাহিতৈষী কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাঁর আদর্শ ও দূরদর্শী চিন্তাভাবনাকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়।
