বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ আগস্ট || শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পুজো-অর্চনায় সামিল হলেন অসংখ্য পুণ্যার্থী। দেবাদিদেব মহাদেবের কৃপা লাভের আশায় সোমবার সকাল থেকেই ভারত-বাংলাদেশ সীমান্ত শহর সাব্রুমের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
শিবের প্রিয় মাস হিসেবে পরিচিত শ্রাবণের শেষ সোমবারকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও ভক্তিভাব। দূর-দূরান্ত থেকে বহু পুণ্যার্থী পায়ে হেঁটে মন্দিরে এসে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে পুজো দেন। তাঁদের হাতে ছিল দুধ, গঙ্গাজল, বেলপাতা ও ধুতরা ফুল। সকাল থেকেই মন্ত্রোচ্চারণ ও ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী পপি দাস বলেন, “আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই মহাদেবের মাথায় জল ঢেলে পরিবার ও সকলের মঙ্গল কামনায় পুজো দিতে এসেছি।”
পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাসের সোমবার ব্রত ও শিবপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। আর মাসের শেষ সোমবার হওয়ায় এদিন পুণ্যার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। ভক্তদের ভিড় সামাল দেওয়া এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মন্দির কমিটির পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সব মিলিয়ে শ্রাবণের শেষ সোমবারে সাব্রুমের শিব মন্দিরগুলিতে দিনভর ভক্তি, প্রার্থনা ও ধর্মীয় আবহে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।
