আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট || রাত পোহালেই মঙ্গলবার মনসা পূজা। পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। শহর ও বিভিন্ন এলাকার বাজারে ছোট, মাঝারি থেকে শুরু করে বড় আকারের মনসা দেবীর মূর্তি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পী ও ব্যবসায়ীরা।
পুজোর আগের দিন সোমবার সকাল থেকেই মূর্তি কিনতে বাজারে ভিড় লক্ষ্য করা যায়। নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী মূর্তি কিনতে দেখা যায় ক্রেতাদের। বিভিন্ন আকার ও নকশার মূর্তি সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে মনসা দেবীর মূর্তির দাম কিছুটা বেড়েছে। মাটি, রং, সাজসজ্জার সামগ্রীসহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির কারণেই মূর্তির দাম বাড়াতে হয়েছে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, মঙ্গলবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মনসা পূজা অনুষ্ঠিত হবে। মনসা পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। পুজোর আগের দিন বাজারে মূর্তি ও পুজোর সামগ্রী কেনাবেচাকে ঘিরে উৎসবের আমেজও লক্ষ্য করা গেছে।
