গোপাল সিং, খোয়াই, ১৯ আগস্ট || দীর্ঘ সময় পর খোয়াই থানা এলাকার মদ বিরোধী অভিযানে এক বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ আজ রামচন্দ্রঘাট এলাকার দুটি নির্দিষ্ট বাড়িতে আচমকা অভিযান চালিয়ে এক বিশাল পরিমাণ বেআইনি দেশি মদ এবং তা তৈরির নানা সরঞ্জাম বাজেয়াপ্ত ও ধ্বংস করেছে। খোয়াই থানার ওসি প্রজিত মালাকারের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ওসির সঙ্গে ছিলেন এসআই ফ্রান্সিস হালাম, এসআই দেবীপ্রসাদ চক্রবর্তী এবং খোয়াই থানার এক বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চতুরতার সঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত বাড়ির মালিকেরা।
পুলিশ সূত্রে জানা গেছে, রামচন্দ্রঘাট বটতলি স্কুলের ঠিক পাশেই অবস্থিত শ্যামল দেববর্মা এবং বিন্দু দেববর্মা নামের দুই ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ তৈরি ও কারবারের অভিযোগ উঠছিল। আজ সেখানে হানা দিয়ে প্রায় ৫০০ লিটার তৈরি দেশি মদ এবং মদ তৈরির জন্য রাখা সমস্ত সরঞ্জাম ও কাঁচামাল পুলিশ বাহিনীর উপস্থিতিতেই ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়। খোয়াই থানার ওসি প্রজিত মালাকার এই অভিযানের সাফল্য নিশ্চিত করে জানিয়েছেন যে, অভিযুক্ত পলাতক শ্যামল দেববর্মা এবং বিন্দু দেববর্মা উভয়ের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে এবং এলাকাকে সম্পূর্ণ নেশামুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে জারি থাকবে বলেও তিনি কড়া বার্তা দেন।
