গোয়া থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার খোয়াই মহিলা থানার পুলিশের

গোপাল সিং, খোয়াই, ১৮ আগস্ট || খোয়াই থানা এলাকার এক নিখোঁজ নাবালিকাকে সুদূর গোয়া থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সাফল্য পেল খোয়াই মহিলা থানার পুলিশ। পুলিশের তৎপরতা ও ধারাবাহিক তদন্তের ফলেই বহিরাজ্য থেকে নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার বিবরণে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান, খোয়াই থানা এলাকার এক নাবালিকা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ৫ জুন ২০২৬ তারিখে খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন।
অভিযোগ পাওয়ার পরই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সূত্র ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিখোঁজ নাবালিকাটি বর্তমানে রাজ্যের বাইরে গোয়ায় রয়েছে।
তথ্য নিশ্চিত হওয়ার পর খোয়াই মহিলা থানার পুলিশের একটি বিশেষ দল গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে অভিযান চালিয়ে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকাকে খোয়াই নিয়ে আসার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর আজ তাকে আইন অনুযায়ী মাননীয় আদালতে পেশ করা হয়েছে।
নাবালিকাকে নিরাপদে উদ্ধার করতে খোয়াই মহিলা থানার পুলিশের দ্রুত তৎপরতা ও তদন্তমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*